অস্থির মনকে শান্ত করার কবিতা- "স্বস্তি"

"স্বস্তি"—অস্থির মনকে শান্ত করার মতো একটি কবিতা

অস্থির মনকে শান্ত করার জন্য কিছু কথা—মন যখন অস্থির হয়ে ওঠে, তখন সবকিছু থেকেও যেন নিজেকে দূরে মনে হয়, অস্বস্তি লাগে। 


সেই অস্থিরতাকে কিছুক্ষণের জন্য পাশে রেখে মন বিশ্রাম নেক এক শান্ত, শিথিল ও সুন্দর চেতনায়।

মনকে শান্ত রাখার জন্য "স্বস্তি" কবিতাটি পড়ুন। জ্ঞান, অনুভূতি ও আনন্দের এক সুন্দর সৃষ্টিশীল রচনা—যা মনকে শান্ত রাখার ভাবনাকে কেন্দ্র করে রচিত।

পেজ সূচিপত্র
  • "স্বস্তি"—অস্থির মনকে শান্ত করার মতো একটি পাঠ
  • স্বস্তি কবিতা পাঠ
  • মন খারাপ হলে কবিতা কেন ভালো লাগে?
  • মনকে শান্ত করার সহজ ৬টি উপায়
  • শেষ কথা

"স্বস্তি"—অস্থির মনকে শান্ত করার মতো একটি পাঠ

আমাদের প্রতিটি মানুষের জীবনে হতাশা, দুশ্চিন্তা, একাকীত্ব এবং অনেক না-পাওয়ার গল্প থাকে। এসবই কখনো কখনো আমাদের মনকে করে তোলে অস্থির।এই মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উপভোগ করার জন্য মনকে শান্ত রাখা দরকার। আর কবিতা হতে পারে তার একটি সুন্দর, সাবলীল উপায়।কবিতার কিছু কিছু শব্দ কখনো কখনো মনের এমন অনুভূতিকে প্রকাশ করে দেয়, যা আমরা নিজেরাও কাউকে বলতে পারি না। তাই আজকের এই ব্যস্ত সময়েও কবিতা আপনার অস্থির মনকে কিছুটা বিশ্রাম দেওয়ার একটি সুন্দর মাধ্যম হতে পারে। একই সঙ্গে এটি হতে পারে চিন্তার নিপুণতা ও রুচিশীলতার এক সুন্দর সংমিশ্রণ।কিছুক্ষণের জন্য শব্দের এক আলাদা জগতে মনটাকে শিথিল করে হারিয়ে যান। নিজেকে কিছুটা সময় দিন, যাতে আবার সতেজ হয়ে নতুন কর্মস্পন্দনে ফিরে আসতে পারেন।

প্রথমে একটি নিরিবিলি ও শীতল ঘরে একাকী চোখ বন্ধ করে বসুন। কিছুক্ষণের জন্য সব দুশ্চিন্তা দূরে সরিয়ে রাখুন। তারপর মৃদু আলোয় আমাদের এই মনকে শান্ত করার জন্য লেখা কবিতা "স্বস্তি" মনোযোগ দিয়ে পাঠ করুন।

হয়তো কিছুক্ষণ পরই অনুভব করবেন—মনটা আগের চেয়ে কিছুটা শান্ত হয়েছে।

প্রশান্তিমূলক কবিতা: "স্বস্তি"

আজ এখানেই চুপ করে বসো,
সকল ব্যস্ততা ছেড়ে,
কোথাও যেতে হবে না।

সব প্রশ্নের উত্তর এখনই খুঁজতে হবে না,
যা হারিয়েছে,  হারাক,
যা আসার কথা রয়েছে,
আসুক,  না হয় পরে।

জীবনও তো নদীর মতো,
তার আপন স্রোতে বয়ে চলে।

আঁধার ঘরটিতে একলা মনে বসো,
প্রতিটি স্নায়ুকে দাও, একটু বিশ্রাম।
একটু চোখ বন্ধ করে শোন, নিবিড় নীরবতার গান,
তোমার দুঃখ-কষ্ট সবই, এই মুহূর্তে, 
হবেই,  ম্লান।

বুকের ভেতর জমে থাকা কষ্টগুলোকে,
দাও একটু অবকাশ,
সবকিছু এখানেই আছে—
এই গভীর শান্তির মাঝেই রয়েছে সব,
নতুন জীবনের,  সতেজ ঘ্রাণ।

যে তোমাকে বোঝেনি,
তাকে বোঝানোর দায়ও নেই, তোমার।
যে পথ তোমার নয়,
সে পথ নিয়ে কেন এত ভাবনা?

আজ শুধু নিজের কাছে ফিরে আসো,
নিজের ক্লান্ত হৃদয়টাকেই
নিজের জেনে ভালোবাসো।

অন্ধকার যতই দুর্গম হোক,
আলো তুমি জ্বালবেই।
"স্বস্তি",   আসবেই!

তাই এত কিসের ভাবনা?
তুমি শুধু তোমার মতো—
"এটুকুই"   জেনে রাখো।

তোমার প্রতিটি নিঃশ্বাসে রয়েছে 
তোমার জীবনের অস্তিত্ব—
এ কথা মনে রেখো,
নিজের ভেতর ফিরে যাও,
দেখবে "শান্তি"  সুপ্রতিষ্ঠিত।

গভীর থেকে গভীরে ডুব দাও,
জানো জীবনের,  অস্তিত্ব।
শিরায় শিরায় আনন্দ হোক 
উদ্দিপনা রাখো জাগ্রত,
দেখবে যার সন্ধান করছ,
সে শান্তি তোমার ভেতরেই সুপ্রতিষ্ঠিত।

এই জগত তো শুধু দেখায়
বাহ্যিক উত্তেজনা,
অন্তরের গভীরতায় হয়,
প্রাণের স্থাপনা।

যুগ ও কালের যাত্রা,
কল্পনার বিমূর্ত বাসনা—
নিজের ভেতরেই খুঁজে নাও, পথিক,
সৃষ্টির এই,  রচনা।

তবে চলো, নতুনভাবে জানি,
নতুনভাবে জাগি,
প্রকাশিত হই আধ্যাত্মিক আলোয়,
দূর হয়ে যাক সকল গ্লানি,
সকল বিমূর্ত ভাবনা।

সৃষ্টির এই লয় ও ক্ষয়ের যাত্রায়
কিসের  এত যাতনা?
সবই নিয়মেরই নিয়ম—
শুধু নিজের মধ্যে নিজে, খুঁজে দেখ না!

প্রশান্তির মাঝে মনের বিচরণে
হয় কাব্যসাহিত্যের রচনা।

নিজের মধ্যে হারিয়ে
করি তবে নতুন স্বপ্ন-কামনা,
নীরব ভাব, 
নিস্তব্ধ অন্ধকারে,

ডুবে যাক মন, 
জীবনসমুদ্রের শীতল,
স্রোত-দিগন্ত জলে।

শান্ত, শীতল করে ভাবনা—
জীবন, জীবনের মতো বয়ে যাবে তবে

নিজের বন্ধু তুমি নিজে হবে,
নিজেকে কখনো ছেড়ো না।
"স্বস্তি" আসবে 
প্রাণভরা নিঃশ্বাসে,
বিশুদ্ধ হবে চেতনা।।



মন খারাপ হলে কবিতা কেন ভালো লাগে?

মনের ভাবগুলোকে শব্দের মাধ্যমে খুব নিবিড়ভাবে প্রকাশ করা যায় কবিতায়। যখন নিজের মনের কথা কাউকে প্রকাশ করা যায় না, তখন কয়েকটি কবিতার লাইনও অন্তরের জন্য প্রশান্তিদায়ক হতে পারে।শান্ত কবিতা পড়ার মাধ্যমে আমরা কিছুক্ষণের জন্য দৈনন্দিন ব্যস্ততায় ভরা জীবন থেকে মনকে সরিয়ে নিতে পারি। এভাবে নিজের অনুভূতিগুলোকে নতুনভাবে উপলব্ধি করা যায় এবং জীবনের প্রতি তৈরি হতে পারে নতুন আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা।কয়েকটি সুন্দর শব্দ, কয়েকটি কবিতার লাইন—কখনো কখনো মনের ভেতর জমে থাকা অনুভূতিগুলোকে গভীরভাবে স্পর্শ করতে পারে।

একটি প্রশান্তিময় কবিতা কিছুক্ষণের জন্য আমাদের দৈনন্দিন ব্যস্ততা থেকে মনকে সরিয়ে নেওয়ার একটি সুন্দর উপায় হতে পারে। কবিতার শব্দ, ছন্দ ও ভাবনা আমাদের চিন্তার জগতে একটি ছোট্ট বিরতি তৈরি করতে পারে।

নিজের মনকে শান্ত করার ছয়টি সহজ উপায়

মনকে শান্ত রাখার জন্য সব সময় বড় কিছু করার প্রয়োজন হয় না। ছোট ছোট কিছু অভ্যাসও অনেক সময় বয়ে আনতে পারে স্বস্তির নিঃশ্বাস এবং জীবনের জন্য সজীব, সতেজ নতুন কর্মউদ্যম।

১. কিছুক্ষণ নীরব থাকুন

কিছুক্ষণের জন্য মোবাইল, প্রযুক্তি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে এসে নিজেকে একটু সময় দিন। চারপাশের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নীরবতাকে অনুভব করার চেষ্টা করুন।

২. শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন

ধীরে ও স্বাভাবিকভাবে শ্বাস নিন। কিছুক্ষণ নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ রাখুন। প্রতিটি শ্বাসের সঙ্গে শরীর ও মনকে আরও শিথিল করার চেষ্টা করুন।

৩. প্রকৃতির কাছে যান

খোলা আকাশ, গাছপালা, নদী কিংবা সবুজ পরিবেশের সঙ্গে কিছুটা সময় কাটানো মন ভালো করার একটি সুন্দর উপায়। প্রকৃতির সান্নিধ্য আমাদের ব্যস্ত চিন্তা থেকে কিছুক্ষণের জন্য দূরে নিয়ে যেতে পারে এবং মনে এনে দিতে পারে সতেজতার অনুভূতি।

৪. মনের কথা লিখে ফেলুন

আপনার সমস্যাগুলো একটি কাগজে লিখে ফেলুন। এরপর কোন বিষয়টি কীভাবে সামলানো যায়, তার একটি ইতিবাচক কর্মপরিকল্পনা তৈরি করতে পারেন। অযথা দুশ্চিন্তা না করে ধীরে ধীরে এগিয়ে যান।

৫. একজন প্রকৃত বন্ধুর সঙ্গে কথা বলুন

অন্তত একজন বিশ্বস্ত বন্ধু বা প্রিয় মানুষের সঙ্গে নিজের কথা শেয়ার করুন। এমন একজন মানুষ, যিনি আপনাকে বুঝতে চেষ্টা করেন এবং আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবকে আরও শক্তিশালী করে তুলতে পারেন।

৬. নিজেকে সময় দিন

সব সমস্যার সমাধান এই মুহূর্তেই করতে হবে—এমনটা নয়। নিজেকে সময় দিন, জীবনকে উপভোগ করুন এবং নিজের প্রতি যত্নশীল হোন। অনেক সময় একটু বিরতি নেওয়ার মধ্যেই নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হয়।

শেষ কথা

ভালো-মন্দ, আলো-আঁধার নিয়েই জীবন। এই মুহূর্তেই সব সমস্যার সমাধান করতে হবে—এমন কোনো কথা নেই।জীবনকে জীবনের মতো উপভোগ করুন। নিজের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করুন, নীরব, স্থির ও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যান।কখনো ক্লান্ত হলে একটু বিশ্রাম নিন, কবিতা পড়ুন। হতে পারে, এই ছোট্ট বিরতিই আপনার পরবর্তী কর্ম-উদ্যমের নতুন সূচনা হয়ে উঠবে।

চলে যাও, দূর দেশে,
যেখানে পথিকের
না কোনো ক্লান্তি থাকে,
শুধু থাকে জীবনের ধারা—
বহমান জীবনের স্রোত-নিঃশ্বাস,
যেন শান্ত, শিথিল জলধারা।

এ ক্ষণিকালয় রয়েছে তোমাতে,
নিজেকে খুঁজে নাও
স্বস্তির মহাসমুদ্রে—
যার নেই কোনো কূল,
নেই কোনো প্রান্ত,
শুধু অসীম অনন্ত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সৃজনশীল বিন্দুর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url